প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন মিঠু এমপি
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ (মিঠু) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গত ৮ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদিত হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা ও রেমিট্যান্স-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করে। নবগঠিত এই স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রোহান/সা.এ.
