ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭


চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাত) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলওয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

আহত অন্যরা হলেন- ব্যবসায়ী মো. সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০) ও আলী হোসেন (৩৫)। তাদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তায় দোকান বসানো নিয়ে কয়েক দিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদার পক্ষের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জায়গায় দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিকেলে দুপক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষ বাঁধে।

ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করেন, যুবদল নেতা নয়নের নেতৃত্বে দুপুরে কয়েকজন ওই জায়গায় দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তারা চলে যান। পরে বিকেল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালান। এতে সাত থেকে আটজন আহত হন বলে দাবি করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ। তার দাবি, বাজারের খালি জায়গায় তার দলের কয়েকজন দোকান নির্মাণ করতে গেলে ব্যবসায়ীরা তাদের দোকান ভেঙে দেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই পরে ব্যবসায়ীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

এদিকে সন্ধ্যায় এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে।

দেলওয়ারের দাবি, সংঘর্ষস্থল থেকে কিছুটা দূরে আবুল হোসেন মার্কেট এলাকায় তিনি বসে ছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

দেলওয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলের অনেক দূরে বসা ছিলাম। হঠাৎ করে আমার ওপর হামলা করা হয়। এতে আমি গুরুতর আহত হয়েছি।

এনসিপির দক্ষিণ জেলা সদস্যসচিব জোবাইরুল আলম মানিক বলেন, দিনের বেলায় ব্যবসায়িক কিছু বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। সন্ধ্যায় দেলওয়ারকে একা পেয়ে বিএনপির কিছু নেতাকর্মী হামলা করেন। তিনি ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি বিএনপি ও এনসিপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ বলে মনে হচ্ছে না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি রাজনৈতিক দুপক্ষের মধ্যে হয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *