বর্জ্য পরিষ্কারে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ক্রোয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ


৩০ হাজার টনেরও বেশি বর্জ্য পরিষ্কারের কাজ শুরু করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মধ্য ক্রোয়েশিয়ায়  বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার জাগরেবের কেন্দ্রীয় চত্বরে তারা সমবেত হয়ে এই বিক্ষোভ করেন। 

পরিবেশবাদীদের মতে, এই বর্জ্য এলাকার পানীয় জলকে দূষিত করছে।

বেশ কয়েক বছরের মধ্যে ক্রোয়েশিয়ার অন্যতম বৃহত্তম এই বিক্ষোভটির নামকরণ করা হয় ‘ওয়াক ফর লিকা।’ যে পার্বত্য অঞ্চলে এই বর্জ্য জমা রাখা হয়েছে তার নামানুসারে এই নামকরণ করা হয়েছে।

গত বছর কর্তৃপক্ষ ক্রোয়েশিয়ার লিকা অঞ্চলের গোস্পিচ শহরের কাছে একটি স্থান থেকে ৩৪ থেকে ৩৭ হাজার টন বর্জ্য উদ্ধার করেছে, যার বেশিরভাগই ২০২৩ এবং ২০২৪ সালে ইতালি থেকে আমদানি করা হয়েছিল। সরকার স্থানটি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলেও, পরিবেশবাদী গোষ্ঠীগুলো বলছে এ বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।

পরিবেশবাদীরা বলছেন, এগুলোর মধ্যে চিকিৎসা ও অন্যান্য শিল্প বর্জ্যও রয়েছে। এসব বর্জ্য লিকার বাতাস, মাটি ও পানিকে দূষিত করছে। লিকা অঞ্চলটি তার বিশাল অক্ষত প্রাকৃতিক এলাকার জন্য পরিচিত। 

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারগুলোতে লেখা ছিল, ‘ক্রোয়েশিয়ার ফুসফুস আর শ্বাস নিতে পারছে না’, ‘ক্রোয়েশিয়ার ধ্বংস বন্ধ করুন’ এবং ‘প্রকৃতি ক্ষমা করে না।’

বিক্ষোভকারীদের একজন ভেরিকা জুরনজাক বলেন, “আমরা সরকারের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট। অনেক আগেই জায়গাটি পরিষ্কার করা উচিত ছিল। এটা লজ্জার যে আমাদের সন্তান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবে না।”

‘স্ন্যাচ’ এবং ‘মিশন: ইম্পসিবল ২’-এর মতো হলিউড চলচ্চিত্রে তার ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ক্রোয়েশীয় অভিনেতা রাদে সেরবেজিয়াও এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, “আমি এখানে এসেছি কারণ আমাকে এখানে আসতেই হবে। আমাদের দেশের জন্য রুখে দাঁড়ানো আমাদের কর্তব্য। যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক, এবং এর জন্য কাউকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *