বাসসের নতুন এমডি কাদের গনি
চার মাস ২০ দিনের মাথায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বদল এসেছে; দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে।
গত ৭ এপ্রিল দায়িত্ব পাওয়া কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিক কাদের গনিকে এক বছরের চুক্তিতে এ দায়িত্ব দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দিয়ে এ পদে যোগ দিতে হবে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসসের নতুন এমডি কাদের গনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্তর্বর্তী সরকারের সময় বাসসের এমডির দায়িত্বে থাকা মাহবুব মোর্শেদ বর্তমান সরকার ক্ষমতায় আসার পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মীদের বিক্ষোভের মুখে অফিস ছেড়ে যান।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তা তদন্তে কমিটি করে তথ্য মন্ত্রণালয়। পরে পদত্যাগ করেন মাহবুব মোর্শেদ। এরপর ১ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
পরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজকে এ দায়িত্বে বসায় সরকার। এর সাড়ে চার মাসের মাথায় সরিয়ে দেওয়া হল তাকে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
