বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, তৈরি করেনি বর্তমান সরকার: নুর
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এ সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কিছুটা সংকট রয়েছে। এটি একটি জাতীয় সংকট। তবে ছয় মাসের বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন-সংগ্রাম করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক নয়।
তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলের সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। নীতিগত বিষয়ে আলোচনা ও সমালোচনা থাকতে পারে। তবে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যার কারণে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করা হচ্ছে।
আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পাঁচ বছরে সবকিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
দুর্নীতি দমন ও জবাবদিহিতার বিষয়ে নুরুল হক নুর বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণ বা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বাপ্পি/সা.এ
