বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিরোধীদলের উদ্দেশে বলেছেন, আপনার সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারী কর্মকাণ্ড করছেন। এসব হঠকারী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারার অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে। আওয়ামী লীগ যদি ফেরে, দমন-পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছে। তারা বিদেশী অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
