বিকাশকর্মীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই


বাগেরহাটে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (ডিএসও) অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বিকাশের ডিস্ট্রিবিউটর জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সানি জাবির বাধন বাগেরহাটের নাগেরবাজার এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে ডিএসও পদে কাজ করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনি। সকাল ১১টার দিকে বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩ লাখ টাকা, পকেটে থাকা ২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যান। যাওয়ার সময় তার মোটরসাইকেলের চাবি নিয়ে স্থানীয় একটি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

সানি জাবির বাধন বলেন, বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটে যাওয়ার মাঝামাঝি পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ছয়জন আমাকে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও পকেটে থাকা ২ হাজার টাকাও নিয়ে যায়। গাড়ির চাবি নিয়ে স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়।’

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে তিনজন হেলমেট পরা ছিল। বাকি তিনজনের মুখ খোলা থাকলেও কাউকেই তিনি চিনতে পারেননি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুতই ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নাহিদ ফরাজী/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *