বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ


বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এত দিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত নিয়ম মেনে এই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে বার্ষিক বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকবে।

নগদ ডলারের ক্ষেত্রে সীমা ৫ হাজার

বার্ষিক ১৮ হাজার ডলারের সীমা থাকলেও পুরো অর্থ নগদ ডলার হিসেবে নেওয়ার সুযোগ থাকছে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন ভ্রমণকারী নির্ধারিত বার্ষিক সীমার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারবেন।

এর বেশি বৈদেশিক মুদ্রা নগদ ডলার আকারে ছাড় করা যাবে না। বাকি অংশ অন্যান্য অনুমোদিত মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নতুন সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এক সার্কুলার অনুযায়ী, বিদেশ ভ্রমণের জন্য একজন বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা ৬ হাজার ডলার বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হলো।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *