নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ফজলে রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামে মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফজলে রাব্বি নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার মা-বাবার সঙ্গে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। রবিবার দুপুরে মধুমতি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
