বিভাবের আয়োজনে রেজাউন নবীর চিত্র কর্মশালা অনুষ্ঠিত
চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় গত ৫ সেপ্টেম্বর এক্রেলিক রঙের বিবিধ ব্যবহার ও কলাকৌশল নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চিত্র কর্মশালা। কর্মশালায় ২৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
রেজাউন নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রী এবং নেদারল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। ইতিমধ্যে তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। গুণী এই শিল্পী দেশে ও বিদেশে দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন। পোল্যান্ডে মাসব্যাপী রেসিডেন্সি প্রোগ্রামে চিত্রকলা গবেষণার কাজে তিনি নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য যে, পোল্যান্ডের ওয়ারশতে এশিয়া প্যাসিফিক মিউজিয়ামে তার একটি চিত্রকর্ম স্থায়ী প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
শিল্পীর বিভিন্ন কাজের মধ্যে বিমূর্ত এক্রেলিক মাধ্যম, জলরং মাধ্যমের কাজ উল্লেখযোগ্য। এছাড়া শিশুদের জন্য করেছেন অসংখ্য বইয়ের অলংকরণ।
কর্মশালাটি আয়োজন করে বিভাব। রাজধানীর লালমাটিয়ায় ভূমি গ্যালারীতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
