বিয়ের রাতে বরের মৃত্যু


মা-বাবার একমাত্র সন্তান ছিলেন আনাস আহম্মেদ বাপ্পি (২৪)। তিনি একটি বেসরকারি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। একমাত্র সন্তানের বিয়েতে আয়োজনে কোনো কমতি রাখেননি বাবা ইউসুফ আলী। আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাই উচ্ছ্বসিত ছিলেন এই বিয়ে নিয়ে। বিয়েবাড়িতে দিনভর আনন্দের পরে গান-বাজনা চলে রাত পর্যন্ত। শুক্রবার (২১ আগস্ট) সকালে তাদের বৌভাত অনুষ্ঠানের আয়োজনও চলছিল। কিন্তু, সে আনন্দের রাত মুহূর্তেই শোকে পরিণত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সদ্য বিবাহিত বর আনাস। নববধূর সঙ্গে শখের বাসরঘরে যাওয়ার বদলে তার গন্তব্য হয় কবরস্থান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আনাস আহম্মেদ বাপ্পির পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরাদি গ্রামের জারা (২০) নামের এক তরুণীর সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফিরেন আনাস। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ডফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তারা আরো জানান, শুক্রবার বৌভাত উপলক্ষে দুটি গরু জবাই করে ৮০০ লোকের খাবারের আয়োজন ছিল। এর মধ্যে একটি গরু জবাই করে মাংস বানানোর কাজ চলছিল।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় গাছেরদাইড় উত্তপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় করবস্থানে তার দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *