৯ দিন ধরে বিদ্যুৎহীন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, দুর্ভোগ চরমে
চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দা। ঝড়ের কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত টানা নয় দিন ধরে ইন্ডিয়ানাতে বিদ্যুৎ নেই। এমন অবস্থায় ইন্ডিয়ানা রাজ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে; স্কুল বন্ধ রয়েছে; এমনকি মোবাইল ফোনও চার্জ দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি ওহাইও অঙ্গরাজ্যে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যার পানিতে ওহাইও রাজ্যের রাজধানী কলম্বাসে সড়ক ডুবে যাওয়ার তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েট প্রেস।
প্রতিবেদনের তথ্য মতে, ইন্ডিয়ানার গ্যারি শহরে স্কুল এখনো বন্ধ রয়েছে। ১১ আগস্টের ভয়াবহ ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা লন্ড্রোম্যাট, ওয়াই-ফাই কানেকশন এবং খাবারসহ প্রয়োজনীয় সামগ্রীর সন্ধান করছেন।
নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানি (NIPSCO) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৬৮ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। তাদের বেশিরভাগই ইলিনয় অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক কাউন্টিতে বসবাস করেন। ১১ আগস্টের পর প্রতিষ্ঠানটি ৩ লাখ ৬ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেছে। তবে, গ্যারিসহ কিছু এলাকায় আগামী মঙ্গলবারের আগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন হবে না বলে জানানো হয়েছে।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপোলিসের কমিউনিটি রেজিলিয়েন্স গবেষক কোর্টনি পেজ-ট্যান বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে প্রতিদিনই স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। অনেকেই জেনারেটর ব্যবহার করায় পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে কার্বন মনোক্সাইডে বিষক্রিয়া হতে পারে।
গ্যারিতে ২৫ বছর ধরে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করা শাতিয়া হার্ডিন ঝড়ের পর থেকে নিজের সেলুন খুলতে পারেননি। তার ভাষায়, নিম্নআয়ের এলাকার মানুষ প্রথমদিকে এই পরিস্থিতি মেনে নিয়েছিলেন। কিন্তু এখন তাদের ধৈর্য ফুরিয়ে আসছে।
তিনি বলেন, গ্যারিতে আমরা সবসময়ই টিকে থাকার পরিস্থিতির মধ্যে থাকি। তাই প্রথম কয়েকদিন খুব বেশি প্রতিবাদ হয়নি-মনে হয়েছিল, ঠিক আছে, আমরা এতে অভ্যস্ত। কিন্তু এখন দ্বিতীয় সপ্তাহ চলছে। এভাবে সবসময় টিকে থাকার লড়াই করে চলা ঠিক নয়।
ইস্ট শিকাগোতে এক সপ্তাহেরও বেশি সময় পর বিদ্যুৎ আসলেও কিছু সময় পর আবার বিদ্যুৎহীন হয়ে পড়ে । স্থানীয় একটি ফেসবুক পেজ পরিচালনাকারী কেভিন মেহিয়া জানান, একটি পোস্ট করলেই প্রায় ৫০০টি মন্তব্য আসে। অনেকেই খাবারের জন্য তার কাছে যোগাযোগ করছেন। কারণ বিদ্যুৎ না থাকায় কয়েকশ ডলারের মুদিখানার সামগ্রী ফেলে দিতে হয়েছে। বয়স্ক মানুষরা কার কাছে সাহায্য চাইবেন, সেটিও জানেন না।
স্কুল বন্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে উত্তর-পশ্চিম ইন্ডিয়ানার হাজার হাজার শিশুর স্কুলশিক্ষাও ব্যাহত হয়েছে। প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থীর গ্যারি স্কুল ডিস্ট্রিক্ট আগস্টের শুরুতে শিক্ষাবর্ষ শুরু করেছিল। কিন্তু ১৩ আগস্ট থেকে স্কুল বন্ধ রয়েছে এবং অন্তত শুক্রবার পর্যন্ত তা বন্ধ থাকবে।
ওহাইওতে আকস্মিক বন্যা
গ্যারি থেকে প্রায় ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ওহাইওর কলম্বাসে ভারী বৃষ্টিতে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। ১২ ঘণ্টায় সেখানে ৩ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে।
ফায়ার বিভাগের কর্মকর্তা নিক ডেভিস জানান, বন্যার পানিতে একটি খালে আটকে পড়া দুই নারীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পানির প্রবল স্রোতে সেতু থেকে ভেসে যাওয়া ১২ বছর বয়সি এক সাইকেল আরোহী কিশোরকেও উদ্ধার করা হয়েছে।
আগের সপ্তাহে হওয়া ভয়াবহ ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে না সামলাতেই নতুন এই ভারী বৃষ্টিতে কলম্বাসে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শহরের মেয়র অ্যান্ড্রু গিন্থার বলেন, গত সপ্তাহ থেকেই আমরা বাসিন্দাদের সহায়তায় সর্বশক্তি নিয়োজিত করেছি। প্রকৃতির এই নতুন ধাক্কার মধ্যেও আমরা পুনরুদ্ধারের কাজেই মনোযোগ দেব।
কেএম
