বিশ্বকাপের পর মাঠে ফিরেই দুর্দান্ত গোল এমবাপের


নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিপর্ব দুর্দান্তভাবে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। প্রাক্-মৌসুমের শেষ প্রীতি ম্যাচে জার্মান ক্লাব শালকে জিরোফোরকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে, ডিন হুইসেন ও কার্লোস এসপি। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে চারটি প্রাক্-মৌসুম ম্যাচ খেলেও অপরাজিত থাকল রিয়াল।

বিশ্বকাপের এই প্রথম মাঠে নামলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর মাঝের সময়টা ছুটিতে কাটিয়েছেন এই ফরাসী তারকা। এর মধ্যে দলে ফিরে অনুশীলনে যোগ দিলেও রিয়াল মাদ্রিদের আগের প্রস্তুতি ম্যাচগুলো খেলেননি। মাঠে নামেন শেষ প্রস্তুতি ম্যাচে, শালকের বিপক্ষে।

জার্মানির গেলজেনকির্শেনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় তারা। শালকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে যান এমবাপে। ফরাসী এই তারকা ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন।

গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমেনি রিয়ালের। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিন হুইসেন। আরদা গুলেরের দারুণ ক্রস থেকে উঁচুতে উঠে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের গোলমুখী শট প্রতিহত হয়। এমবাপেও আরেকটি গোলের কাছাকাছি গিয়েছিলেন; কিন্তু তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের শেষদিকে অবশ্য হলুদ কার্ড দেখেন এমবাপে। শালকের ডিফেন্ডার নিক ক্যাটিচকে ধাক্কা দেওয়ায় রেফারি তাকে সতর্ক করেন।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন মরিনহো। আন্দ্রেই লুনিন, আন্তোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা ও কার্লোস এসপিকে মাঠে নামান তিনি। বদলি হিসেবে নেমেই প্রভাব ফেলেন এসপি। ৫৭ মিনিটে আলভারো ক্যারেরাসের ক্রস থেকে হেডে গোল করে রিয়ালের ব্যবধান ৩-০ করেন এই তরুণ ফরোয়ার্ড।

এর কিছুক্ষণ পরই রিয়ালের হয়ে অভিষেক হয় ইয়ান দিয়োমান্দে ও মার্ক কুকুরেয়ার। এবারের দলবদলে আসা নতুন মুখদের মধ্যে দিয়োমান্দে ও কুকুরেয়ার প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামেন। জুদ বেলিংহ্যামও প্রাক্-মৌসুমে প্রথমবার মাঠে নামার সুযোগ পান। বুধবারই অনুশীলনে ফিরেছিলেন ইংলিশ মিডফিল্ডার।

রিয়ালের হয়ে গ্রীষ্মের দলবদলে আসা ইব্রাহিমা কোনাতে ও বের্নার্দো সিলভা শুরু থেকেই মাঠে ছিলেন। নতুন কোচ মরিনহোর পরিকল্পনায় দলটি ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। তবে নতুন খেলোয়াড়দের পুরোপুরি মানিয়ে নিতে আরও সময় প্রয়োজন বলে মনে করেন পর্তুগিজ কোচ।

ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ম্যাচটি ইতিবাচক ছিল। তবে যারা দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রস্তুতির মাত্রা শুরু থেকে অনুশীলনে থাকা খেলোয়াড়দের মতো নয়। যারা শুরু থেকেই ছিলেন, তারা প্রায় ৩০টি অনুশীলন সেশন ও ছয়টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে নতুনরা অনুশীলন করেছেন মাত্র তিন-চারটি সেশন।’

তাই খেলোয়াড়দের মধ্যে ছন্দ, গতি ও স্ট্যামিনায় পার্থক্য থাকা স্বাভাবিক বলে মনে করেন মরিনহো। তবে কৌশলগত দিক থেকে তার পরিকল্পনা ধীরে ধীরে দলের মধ্যে জায়গা করে নিচ্ছে বলেও জানান তিনি।

নতুন খেলোয়াড়দের নিয়ে আলাদা করে মন্তব্য করতে গিয়ে মরিনহো আরও বলেন, এখনই ব্যক্তিগতভাবে কাউকে বিচার করার সময় আসেনি। তার মতে, রিয়ালের দলে ভালো, খুব ভালো এবং অত্যন্ত ভালো- সব ধরনের খেলোয়াড়ই রয়েছেন। এই খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী দল তৈরি করাই এখন তার মূল লক্ষ্য।

রিয়ালের নতুন মৌসুমের শুরুটা অবশ্য কঠিন। আগামী শনিবার লা লিগার ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচে এস্পানিওলের মাঠে খেলতে নামবে তারা। তার আগে শালকের বিপক্ষে এই জয় মরিনহোর দলকে আত্মবিশ্বাস জোগাবে।

অন্যদিকে রিয়ালে অভিষেকের পর কুকুরেয়ার মুখেও ছিল স্বস্তির ছাপ। দীর্ঘ অপেক্ষার পর প্রথম মিনিটগুলো পাওয়ায় খুশি এই স্প্যানিশ ডিফেন্ডার। তার মতে, দল ভালো খেলেছে এবং লিগ শুরুর আগে শেষ প্রস্তুতিটাও ইতিবাচক হয়েছে। এখন নিজের ছন্দ খুঁজে নিয়ে লিগে নামার অপেক্ষায় তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *