‘বৈচিত্র্যই আমার সৃষ্টিশীলতার জ্বালানি’ | প্রথম আলো
প্রশ্ন: ছোট করে ‘অ্যাঞ্জেল ডাউন’ সম্পর্কে বলুন—বইটি আসলে কী নিয়ে?
ড্যানিয়েল ক্রাউস: এটি পাঁচ মার্কিন বেসরকারি সৈনিকের গল্প, যারা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে একজন দেবদূতের দেখা পায়। আর্টিলারি ফায়ারে আহত হয়ে সে আকাশ থেকে পড়ে গিয়েছিল। এই দেবদূতের এমন একটা ক্ষমতা ছিল যে সে তাদের সবাইকে বাঁচাতে পারে, এমনকি পুরো পৃথিবীকেও রক্ষা করতে পারে। কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ ও লোভ তাদের মধ্যে বিভাজন তৈরি করে। তারা সেই দেবদূতকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। এই প্রবণতা তাদের জীবন হুমকির মধ্যে ফেলে দেয়।
এককথায় বললে, আমরা কীভাবে পৃথিবীতে শিল্পায়িত সহিংসতাকে (ইন্ডাস্ট্রিয়ালাইজড ভায়োলেন্স) আমন্ত্রণ জানাচ্ছি, এই বইয়ে মূলত সেটিই চিত্রায়িত হয়েছে। আর আমরা এখন এটা থামাতে অক্ষম, অনিচ্ছুকও বটে, যতক্ষণ না তা আমাদের ধ্বংস করে দিচ্ছে।
প্রশ্ন: এই উপন্যাস তো একটিমাত্র বাক্যে লেখা হয়েছে! আপনি গল্প বলার জন্য কেন এমন অস্বাভাবিক পথ বেছে নিলেন? গল্পকে এগিয়ে নিতে এ ধরনের লিখনশৈলী কী ভূমিকা রাখে বলে আপনি মনে করেন?
ড্যানিয়েল ক্রাউস: বাক্যের এই গঠনরীতি বা সিনট্যাকটিক স্টাইল একধরনের লুপের মতো কাজ করে। এটি এমন এক কার্যকর ফাঁদ, যা পাঠককে বইয়ের ভেতর আটকে রাখে। এই বাক্যশৈলী প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু হওয়া শিল্পায়িত যুদ্ধযানের চাকার অনবরত ঘুরে চলার প্রতীক। এটা পাঠকের মধ্যে এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিও তৈরি করে, যেমনটা সৈনিকদের মধ্যে দেখা যায়, যাদের একমুহূর্ত থামার বা ভাবার অবকাশ নেই, যারা কেবল আরেক সেকেন্ড বেঁচে থাকার জন্য লড়াই করে চলে।
প্রশ্ন: এই উপন্যাসের জন্য প্রথম বিশ্বযুদ্ধকেই কেন আপনি বেছে নিলেন?
ড্যানিয়েল ক্রাউস: আমি অন্য যুদ্ধকেও বিবেচনা করেছিলাম, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটা এমন এক সময় হয়েছিল, যখন যুদ্ধপ্রযুক্তি সব মানবিক সীমা ছাড়িয়ে গিয়েছিল, যখন মানুষকে না দেখেই নির্বিচারে হত্যা করা সম্ভব হয়ে উঠেছিল। এই বিশ্বযুদ্ধ থেকেই সরাসরি একটা পথ গেছে পারমাণবিক যুদ্ধ, সামরিক ড্রোন আর ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে, যা শেষ পর্যন্ত মানবজাতিকেই ধ্বংস করে দেবে।
প্রশ্ন: আপনার ‘অ্যাঞ্জেল ডাউন’ বই নিয়ে পাবলিশার্স উইকলি লিখেছে, ‘ক্রাউস যুদ্ধ-উপন্যাস জনরায় নতুন প্রাণসঞ্চার করেছেন।’ এটি আপনার কাছে কী অর্থ বহন করে? আপনি কি সচেতনভাবে যুদ্ধ-উপন্যাস সম্পর্কে পাঠকদের দৃষ্টিভঙ্গি বদলাতে চেয়েছেন?
ড্যানিয়েল ক্রাউস: আমি আসলে ‘অ্যাঞ্জেল ডাউন’কে ক্ল্যাসিক ধারার যুদ্ধ-উপন্যাস হিসেবে ভাবিনি। তবে হ্যাঁ, আমেরিকান সাহিত্যে যুদ্ধ-উপন্যাসের দীর্ঘ ও উজ্জ্বল ইতিহাস আছে। তাই এমন তুলনায় আমি সম্মানিত বোধ করছি। আমি বরাবরই ভাবতাম যে আমি কোনো নির্দিষ্ট যুদ্ধ নয়, বরং যুদ্ধের ধারণা নিয়েই লিখছি—যদিও অবশ্যই নির্দিষ্ট যুদ্ধ নিয়েও লিখেছি।
