শয্যাশায়ী বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানকালে হঠাৎ তীব্র জ্বরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শারীরিক অসুস্থতার এই কঠিন সময়ে এক প্রবাসী পরিবারের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর জানতে পেরে তার মন ভালো করতে পছন্দের ভারতীয় খাবার ‘কড়ি-চাওয়াল’ পাঠিয়ে চমকে দেয় পরিবারটি।
জানা গেছে, এক বন্ধুর মাধ্যমে প্রীতি জিনতার অসুস্থতার খবর জানতে পারেন প্যারিসে বসবাসরত ওই পরিবার। তার দ্রুত সুস্থতা কামনায় শহরের একটি বিশেষ রেস্তোরাঁ থেকে প্রীতির পছন্দের ‘কড়ি-চাওয়াল সংগ্রহ করে তার আবাসে পৌঁছে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রিয় খাবারের প্যাকেট হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন অভিনেত্রী।
অপ্রত্যাশিত এই ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত প্রীতি পরিবারটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে পাঞ্জাবি সংস্কৃতির আতিথেয়তার যে সুনাম রয়েছে, এই ঘটনাটি তারই সুন্দর উদাহরণ। প্রবাসে অসুস্থতার সময়ে পাওয়া এই উষ্ণ ভালোবাসা ও সহমর্মিতা আজীবন তার স্মৃতিতে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি প্যারিস ভ্রমণকারীদের ওই রেস্তোরাঁর খাবার উপভোগ করার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।
এদিকে ব্যক্তিগত জীবনের এই ঘটনার পাশাপাশি ক্যারিয়ার নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন প্রীতি জিনতা। দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন তিনি। প্রখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী নির্মিত এবং সানি দেওলের বিপরীতে অভিনীত সিনেমাটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে শুরুতে কিছুটা দ্বিধায় ছিলেন প্রীতি। তবে সহ-অভিনেতা সানি দেওলের সহযোগিতায় শুটিং পর্ব স্বাচ্ছন্দ্যেই শেষ করেন তিনি। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভইয়াজি সুপারহিট’ সিনেমায় তাকে সর্বশেষ কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল।
কুশল/সাএ
