ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী


ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে।

শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোকিত ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

তরুণদের মাদক ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বক্তব্য দেন।

সূত্র: বাসস



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *