ভূমি দখলে অগ্রসর রাশিয়া, পোকরোভস্কে ৩৫ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা সম্প্রতি বহুগুণে বেড়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রুশ-ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সম্মুখসারিতে ১৭২টি সংঘর্ষ হয়েছে। পোকরোভস্ক এলাকায় ৩৫ রুশ সেনা নিহত ও ১৪ জন আহত হওয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে ইউক্রেনের খারকিভ, জাপোরঝিয়া এবং দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ১১টি এলাকা দখলমুক্ত করেছে রুশ বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একটি জনপদ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম। তবে, রাশিয়ার পক্ষ এ হতাহতের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
প্রতিবেদনের তথ্য মতে, পোকরোভস্ক অঞ্চলে সবচেয়ে বেশি হামলা হয়েছে। রুশ বাহিনী ৭৫টি বিমান হামলা, ২১৯টি গাইডেড বোমা ও ৬ হাজার ৭৫১টি কামিকাজি ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনীয় অবস্থান ও জনবসতিতে ১ হাজার ৯৩৯টি হামলাও চালানো হয়েছে।
কোস্তিয়ানতিনিভকা অভিমুখে রুশ বাহিনীর ২০টি হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। স্লোভিয়ানস্কে আটটি এবং লিমানে চারটি অগ্রসর চেষ্টা ঠেকানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইউক্রেনীয় বাহিনীর দাবি অনুযায়ী, পোকরোভস্ক এলাকায় ৩৫ রুশ সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ছাড়া একটি ট্যাংক, ছয়টি যান, তিনটি আর্টিলারি ব্যবস্থা ও দুটি সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে। ব্ল্যাক ফরেস্ট পৃথক আর্টিলারি ব্রিগেডের সেনারা ক্ষেপণাস্ত্রবোঝাই রুশ এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পরিবহন-লোডিং যান ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। এছাড়া ৪১৬টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করারও দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে কুপিয়ানস্ক ও দনিপ্রো নদী অভিমুখে রুশ বাহিনী কোনো আক্রমণাত্মক অভিযান চালায়নি। অন্যান্য ফ্রন্টে পরিস্থিতিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
কেএম
