মনোহরদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার
নরসিংদীর মনোহরদীতে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ফেলে নির্যাতনের শিকার এক ব্যক্তিকে উদ্ধারসহ চক্রটির এক নারী সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মনোহরদী পৌর এলাকার চকমাধবদীর একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. শফিকুল দর্জী (৩৪) নামে ওই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। শফিকুল পলাশ উপজেলার চরখুপি গ্রামের আব্দুল গনি দর্জির ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- পলাশ উপজেলার মালিতা গ্রামের তাহমিনা (২৪), শিবপুরের আস্রফপুর গ্রামের সাহারিয়া শেখ (২৪), মনোহরদীর নদাইর গ্রামের জুনায়েদ (২৬) এবং শিবপুরের সোনাকুড়া গ্রামের নাদিম (২৫)।
পুলিশ জানায়, নরসিংদীর বিভিন্ন থানার কয়েকজন যুবক-যুবতীর একটি সংঘবদ্ধ চক্র শফিকুল দর্জীকে চকমাধবদীর বাসিন্দা মাহবুবের বাড়িতে জিম্মি করে নির্যাতন চালাচ্ছিল। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ রাতে দ্রুত অভিযান চালিয়ে শফিকুলকে উদ্ধারসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, অপহরণ ও নির্যাতনের ঘটনায় তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম
