মালদ্বীপের নীল জলে তরুণীদের রাজত্ব
মালদ্বীপে তরুণী পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ভ্রমণকারী পর্যটকদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীদের অংশই সবচেয়ে বেশি বলে পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত মালদ্বীপে প্রায় ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। তাদের মধ্যে ১৪ শতাংশ ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারী। বয়সভিত্তিক পর্যটক শ্রেণিতে এটিই সবচেয়ে বড় অংশ।
এর পরের অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী নারী পর্যটকরা। মোট পর্যটকের ১১.৮ শতাংশ এই বয়সী নারীদের। তৃতীয় সর্বোচ্চ অংশ হিসেবে রয়েছে ১৪ বছরের কম বয়সী শিশুরা।
পর্যটন মন্ত্রণালয়ের তথ্য আরও বলছে, ৬৫ বছরের বেশি বয়সী পর্যটকদের বাদ দিলে প্রায় সব বয়সী শ্রেণিতেই পুরুষের তুলনায় নারী পর্যটকের সংখ্যা বেশি। ফলে বয়সভিত্তিক পর্যটন প্রবণতায় নারীদের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
এদিকে, চলতি বছরের পর্যটন খাতেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চীন থেকে ২ লাখ ৪৭ হাজার ২৪৮ জন, রাশিয়া থেকে ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন এবং যুক্তরাজ্য থেকে ১ লাখ ৫ হাজার ৮১ জন পর্যটক মালদ্বীপে এসেছেন।
মালদ্বীপ সরকার ২০২৬ সালে ২৫ লাখ পর্যটক আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জুনে দেশটি চলতি বছরের ১০ লাখতম পর্যটককে স্বাগত জানায়।
বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে মালদ্বীপের জনপ্রিয়তা ধরে রাখতে নতুন নতুন বাজারে প্রচার, বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে তরুণ প্রজন্মের ভ্রমণকারীদের আকৃষ্ট করার বিষয়টিও দেশটির পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এমআরএম
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
