রাষ্ট্রপতির সিলেট সফর গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ: আরিফুল হক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রপতির সফর উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের এই সফরে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নেবে। রাষ্ট্রপতির আগমন থেকে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করারও অনুরোধ করেন। এ ছাড়া বিশিষ্টজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
