রাষ্ট্রপতি ঐক্যের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন: জাপা
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।
দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বৃহস্পতিবার (২০ অগাস্ট) এক যৌথ বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা বলেন, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই দেশবাসীর প্রত্যাশা।
জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
তারা আরো বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐক্যের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
জাতীয় পার্টির নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরো শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
