পর্তুগালের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হেনরিকস


জন্ম ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালে। তবে, ক্রিকেটের হিসেবে সারা পৃথিবীতে তিনি পরিচিত হয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলে। তবে এবার জন্মভূমি পর্তুগালের ক্রিকেটেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মইজেস হেনরিকস। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের পথ পাড়ি দিতে পর্তুগালের বাছাইপর্বের দল ঘোষণা হয়েছে, আর সেই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হেনরিকসকে।

পর্তুগালের মাদেইরায় জন্ম হেনরিকসের। কাকতালীয়ভাবে একই দ্বীপে জন্ম বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা রোনালদোরও। তবে শৈশবেই পরিবারের সঙ্গে পর্তুগাল ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান হেনরিকস। সেখানেই ক্রিকেটে গড়ে ওঠা এবং পরে অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা করে নেওয়া।

অস্ট্রেলিয়ার মাঠ কাঁপানো এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটেও পরিচিত মুখ। নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি সিডনি সিক্সার্সের হয়েও খেলেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে সাবেক অধিনায়ক কার্লোস নুনেসও আছেন। তবে নেতৃত্বের ব্যাটন এবার তাঁর হাত থেকে হেনরিকসের হাতে তুলে দিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপের পথে কঠিন ধাপ

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে থাকা পর্তুগালের সামনে বিশ্বকাপে পৌঁছানোর পথটা বেশ লম্বা। আঞ্চলিক বাছাইপর্বে গ্রিস ও জার্মানির মতো প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা।

সেখান থেকে পরের ধাপে জায়গা করে নিতে পারলে ইউরোপীয় বাছাইপর্বে অপেক্ষা করবে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্ক। সেই লড়াই থেকে সেরা দুই দল পাবে চূড়ান্ত বাছাইপর্বে যাওয়ার সুযোগ। এরপরই আসবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার শেষ পরীক্ষা। অর্থাৎ, পর্তুগালের জন্য বিশ্বকাপের টিকিটের পথ এক ধাপের নয়।

পর্তুগালের দলে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেমও।

পর্তুগালের ১৪ সদস্যের স্কোয়াড:

মইজেস হেনরিকস (অধিনায়ক), ক্রেইগ কাচোপা, এডওয়ার্ড ফ্লেমিং, ক্রিস্টোফার ডি ফ্রেইটাস, রাহুলকুমার হাসু, সিরাজ উল্লাহ খাদেম, হারদীপ খুট্টান, জেরেমি মার্টিনস, ধাভালকুমার নরোতম (উইকেটরক্ষক), জর্ডান নেট্টো, কার্লোস নুনেস, সেবাস্টিয়ান ডি অলিভেইরা, উপেন শান্তু ও ক্যামেরন শেকলটন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *