লেজার লাইটে টার্গেট, কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলি 


রাতের নীরবতা ভেঙে হঠাৎ গুলির শব্দ! এর আগে লেজার লাইটের আলোয় টার্গেট করা হয় জজ মিয়াকে। তার দাবি, একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে গেছেন। 

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি।

ঘটনার পর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জজ মিয়া জানান, ঘটনার সময় তিনি কার্যালয়ে বসে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই লেজার লাইটের মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর পরপর গুলি ছুড়ে দ্রুত চলে যায়। 

এদিকে গুলির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *