শরতের তালের স্বাদে বুকজ্বালা? জেনে নিন কারণ ও প্রতিরোধের উপায়


শরৎ এলেই বাঙালির রান্নাঘরে জায়গা করে নেয় তাল। তালফুলুরি, তালের লুচি, মালপোয়া, পায়েস কিংবা নানা ধরনের পিঠা—তালের তৈরি এসব খাবারের স্বাদ অনেকের কাছেই বিশেষ আকর্ষণ। তবে সুস্বাদু এসব খাবার খাওয়ার পর অনেকেই ভোগেন অম্বল, গ্যাস বা বুকজ্বালার সমস্যায়। তাই তালের স্বাদ উপভোগ করার পাশাপাশি হজমের বিষয়েও সচেতন থাকা জরুরি।

তাল কি পেটের জন্য ক্ষতিকর?

পুষ্টিগুণে ভরপুর তাল মোটেও ক্ষতিকর নয়। এতে রয়েছে ভিটামিন এ, বি ও সি, পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পরিমিত পরিমাণে তাল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করতেও উপকার পাওয়া যেতে পারে।

তালের খাবার খেলে পেটের সমস্যা হয় কেন?

১. অতিরিক্ত তেলে ভাজা খাবার: তালের ফুলুরি বা বড়া সাধারণত ডুবো তেলে ভাজা হয়। এতে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যা হজম প্রক্রিয়া ধীর করে এবং অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়।

২. চিনি, গুড় ও ময়দার আধিক্য: তালের মিষ্টিজাতীয় খাবারে প্রায়ই বেশি পরিমাণে চিনি, গুড়, আটা বা ময়দা ব্যবহার করা হয়। এসব উপাদান খাবারকে ভারী করে তোলে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।

৩. অপর্যাপ্তভাবে প্রস্তুত করা তাল: তালের রস বা পাল্প ঠিকমতো জ্বাল না দিলে এর কষভাব থেকে যেতে পারে। এতে অনেকের পেটে অস্বস্তি, গ্যাস বা জ্বালাপোড়া দেখা দিতে পারে।

৪. ভারী প্রকৃতির খাবার: তালের ক্বাথ বা পাল্প তুলনামূলকভাবে ভারী হওয়ায় এটি হজম হতে বেশি সময় নেয়। বিশেষ করে রাতে বেশি পরিমাণে খেলে অস্বস্তি বাড়তে পারে।

ছবি: সংগৃহীত

কীভাবে তালের খাবার খেলে সমস্যা কম হবে?

১. ভালোভাবে জ্বাল দিন: তালের পাল্প বা রস ব্যবহারের আগে ১০ থেকে ১৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিলে কষভাব কমে যায় এবং হজমে সুবিধা হয়।

২. স্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করুন: ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা সুজি ব্যবহার করা যেতে পারে। পরিশোধিত চিনির বদলে গুড় ব্যবহার করাও তুলনামূলক ভালো।

৩. অতিরিক্ত তেল ঝরিয়ে নিন: ভাজা খাবার কিচেন টিস্যু বা পরিষ্কার কাপড়ের ওপর রাখলে বাড়তি তেল শুষে যায়, যা অ্যাসিডিটির ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪. খাওয়ার সময়ের দিকে খেয়াল রাখুন: খালি পেটে বা ঘুমানোর ঠিক আগে তালের ভাজাপোড়া খাবার না খাওয়াই ভালো। দুপুর বা বিকেলে খেলে হজমের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

৫. পরিমাণ নিয়ন্ত্রণ করুন: একসঙ্গে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত খেলে হজমের সমস্যা বাড়তে পারে।

৬. বিকল্প পদ বেছে নিন: তালের ফুলুরি বা মালপোয়ার পরিবর্তে তালের পায়েস, ভাপা পিঠা বা কম তেলে তৈরি রুটি খেতে পারেন। এতে স্বাদও পাওয়া যাবে, আবার পেটের ওপর চাপও কম পড়বে।

তালের খাবার শরতের অন্যতম আকর্ষণ। তবে পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে প্রস্তুত করা খাবার খেলে স্বাদ ও স্বাস্থ্য—দুটিই বজায় রাখা সম্ভব।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *