শাহরুখপুত্রের কথিত প্রেমিকাকে কতটা জানেন?


বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের প্রেম জীবন নিয়ে আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে জোর জল্পনা চলছে। যুক্তরাজ্যের লন্ডনে গায়িকা ও গীতিকার ভিনি টাকিয়ার সঙ্গে দেখা যায় তাকে। 

ভাইরাল কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে আরিয়ান ও ভিনি লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বেরিয়ে আসছেন। এরপর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে—তারা কি শুধুই বন্ধু, না কি তাদের মাঝে প্রেমের সম্পর্কও রয়েছে?

আরিয়ান-ভিনি পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। বিষয়টি নেটিজেনদের নজরে আসার পর তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়। একই সময়ে ভিনি লন্ডন সফরের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “লন্ডন, তোমাকে ভালোবাসি।” যদিও ছবিগুলোতে আরিয়ান ছিলেন না, তবু অনেকেই সেই পোস্টকে ভাইরাল ক্যাসিনো-ঘটনার সঙ্গে যোগসূত্র পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আরিয়ান-ভিনির সম্পর্ক নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ চললেও তাদের কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। আবার তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারটিও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও বিরামহীনভাবে আলোচনা-সমালোচনা চলছে। আরিয়ান খান বরাবরই ব্যক্তিগত জীবনকে জনসম্মুখ থেকে দূরে রাখার চেষ্টা করেন। অচেনা কোনো নারীর সঙ্গে তাকে দেখা গেলেই ভক্তরা তা লুফে নেন। 

আরিয়ানের প্রেম নিয়ে চর্চার পাশাপাশি তার কথিত প্রেমিকা ভিনিকে নিয়েও নেটিজেনদের মাঝে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। ভিনি স্বাধীন একজন গায়িকা ও গীতিকার। ধীরে ধীরে নিজের সংগীতজীবন গড়ে তুলছেন এই ড্যানিশ শিল্পী। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে—শাইনিং লাইটস, মেবি আই লাভ ইউ, ত্রো মেই, ওয়ে ওয়ে ওয়ে প্রভৃতি। এসব গান স্পটিফাইসহ বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ভিনি। যদিও তার অনুসারীর সংখ্যা খুব বেশি নয়। তাকে এখন প্রায় ১২ হাজার মানুষ অনুসরণ করেন। তার ইনস্টাগ্রাম পেজে সংগীত, ভ্রমণ, ফ্যাশন এবং ব্যক্তিগত জীবনের নানা ঝলক দেখা যায়। কোপেনহেগেন এবং মুম্বাইকে তার পছন্দের দুটি শহর হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বেশ কয়েকবার মুম্বাইয়ে সংগীতানুষ্ঠান করেছেন ভিনি। ইউটিউবে তার একটি অফিশিয়াল চ্যানেল রয়েছে। এ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। ইউটিউবে তার গাওয়া ‘ত্রো মেই’ গানটি দর্শক-শ্রোতাদের ভূয়সী প্রশংসা করেছেন। 

এবারই প্রথম নয়, আরিয়ান খানের সঙ্গে অনেকের নাম জড়িয়েছে। এর আগে ব্রাজিলের মডেল-অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে জোর চর্চা চললেও নীরব ভূমিকা পালন করেন তারা। ২০২৩ সালে শুরুতে বাতাসে ভাসতে থাকে, পাঁচ বছরের বড় অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন আরিয়ান। 

নোরার সঙ্গে প্রেমের গুঞ্জনের আগুন চাপা পড়ার আগেই পাকিস্তানি মডেল-অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে তোলা আরিয়ানের একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। এরপর শুরু হয় এ জুটিকে নিয়ে চর্চা। পরবর্তীতে এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী।

*দ্য ফ্রি প্রেস জার্নাল, ডিএনএ অবলম্বনে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *