শাহরুখের বাংলোতে ৮ ফুট লম্বা সাপ! একটি উদ্ধার, আরেকটি গেল কোথায়
বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এ হঠাৎ দেখা মিলেছে জোড়া সাপের। ঘটনাটি আবার নাগপঞ্চমীর দিনের। বাড়ির লনে দুটি সাপ দেখতে পেয়ে চমকে যান কর্মীরা। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে। দীর্ঘ তল্লাশির পর আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা গেলেও অন্যটির আর খোঁজ মেলেনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার মান্নতের লনে দুটি সাপ দেখতে পান বাড়ির কর্মীরা। বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানো হলে দ্রুত সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাত আটটার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে। তাঁকে জানানো হয়, শাহরুখের বাড়ির চত্বরে দুটি সাপ দেখা গেছে। এরপর উদ্ধারকারী দল মান্নতে পৌঁছে লন ও আশপাশের জায়গায় তল্লাশি শুরু করে।
একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপের সন্ধান মেলে। সাবধানে সেটিকে সেখান থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। প্রায় আট ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয়।
