ভেঙে দেওয়া হলো ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (১৬ আগস্ট) ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দোকানটির অবৈধ স্থাপনা ভেঙে দেয়। ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযানে কাফরুল থানা-পুলিশ সহযোগিতা করে।
প্রায় এক বছর আগে মিজানের দোকানে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বাড়তে থাকে ক্রেতার ভিড়। নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দোকানটি। তালতলা এলাকার স্থানীয়রা জানান, নির্মাণশ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের অনেকেই কম দামে মাংস-ভাত খেতে এখানে আসতেন। কারণ বাজারে গরুর মাংসের দাম তাদের অনেকেরই নাগালের বাইরে।
টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৮০ থেকে ৮৫০ টাকা। অন্যদিকে স্থানীয় কয়েকটি মাঝারি মানের রেস্তোরাঁয় ভাতসহ গরুর মাংস খেতে খরচ হয় প্রায় ২২০ থেকে ২৫০ টাকা। সেই তুলনায় ১০০ টাকার খাবার ছিল অনেকের জন্য স্বস্তিদায়ক।
উচ্ছেদের আগে গ্রেপ্তার
মিজানুরের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। ৯ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
পুলিশের ভাষ্য, ফুটপাত ও সড়ক দখল করে দোকান পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন এবং যানজট তৈরি হচ্ছিল।
উচ্ছেদ অভিযানের পর তালতলার সেই জায়গায় এখন আর দোকান নেই। পড়ে আছে ভাঙা কাঠ, বাঁশ ও টিনের অংশ। তবে দোকানটি ঘিরে থাকা একটি প্রশ্ন এখনো রয়ে গেছে—ফুটপাত দখলের সমস্যা যেমন সমাধান প্রয়োজন, তেমনি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী খাবারের সুযোগ তৈরির বিষয়টিও কি গুরুত্ব পাবে?
মিজানের দোকান উচ্ছেদ হয়েছে, কিন্তু কম দামে খাবারের যে চাহিদা তাকে ‘ভাইরাল’ করেছিল, সেটি এখনো রয়ে গেছে।
বাপ্পি/সা.এ
