শিক্ষায় সরকারের অর্জন-পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল


শিক্ষাক্ষেত্রে বিএনপি সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা শিক্ষাখাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও স্বল্প সময়ে অর্জিত সাফল্যের প্রশংসা করে নানা স্লোগান দেন।

মিছিল শেষে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মনজুরুল আলম রিয়াদ। তিনি বলেন, ‘শিক্ষা জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে শিক্ষাখাতে যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে, আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে সেগুলোকে স্বাগত জানাই। আমরা মনে করি, শিক্ষার্থীবান্ধব ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মমুখী শিক্ষা ও উচ্চশিক্ষায় গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারকে আমরা ইতিবাচক উদ্যোগগুলোর জন্য অভিনন্দন জানাই এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই,’ যোগ করেন রিয়াদ।

তিনি আরও বলেন, ‘আমরা চাই দেশের প্রত্যেক শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ পাক। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করবে।’

সমাবেশ থেকে শিক্ষাখাতে সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

আরটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *