শেখ সেলিমের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চাইল দুদক


শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, দুই পুত্র শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম ও কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।

তারই ধারাবাহিকতায় শেখ সেলিমের  দুই পুত্র ও কন্যার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় সংস্থাটি। সেই নোটিশ নিজ নিজ ঠিকানায় গ্রহণ না করায় ফের তাদের ঠিকানায় সম্পদের বিবরণী দাখিলের নোটিশ লটকিয়ে জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদক এ সিদ্ধান্ত নেয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি মামলা হয়েছে। ঐ দিনই তার পরিবারের সদস্যদের স্ত্রীসহ ৩ জনের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়। কিন্তু নোটিশ তাদের কেউ গ্রহণ করেনি। বিধায় নতুন করে তাদের ঠিকানায় নোটিশ জারির সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

দুদক জানায়, শেখ সেলিমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়। প্রধান করা হয় কমিশনের উপপরিচালক মো. খায়রুল হককে। সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনিকে সদস্য করা হয়।

দুদক জানায়, শেখ ফজলুল করিম সেলিম এর স্ত্রী মিসেস ফাতেমা সেলিমের নামে তার আয়ের চেয়ে সম্পদের পরিমাণ বেশি পাওয়া যায় ১,৭০,৬১,৩৫৫ টাকা। অভিযোগ সংশ্লিষ্ট ফাতেমা সেলিমের নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন।

একইভাবে শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম এর নামে তার আয়ের চেয়ে সম্পদ বেশি পাওয়া যায় ২,৫০,৪৪,০৩৬ টাকা। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে ফাহিমের নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন।

শেখ সেলিমের আরেক ছেলে শেখ ফজলে নাঈম এর নামে তার আয়ের চেয়ে সম্পদ বেশি পাওয়া যায় ১১,৭০,৬১,০৪৪ টাকা। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে নাঈম এর নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন।

শেখ সেলিমের কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে তার আয়ের চেয়ে সম্পদ বেশি পাওয়া যায় ৬,৭৮,৫৫,০০০ টাকা। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট শেখ আমেনা সুলতানা সোনিয়া এর নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *