সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি: আমির খসরু
বারবার সংকটে পড়া বাংলাদেশকে অতীতে বিএনপি উদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশ যখনই গর্তে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে।
তিনি বলেন, দলের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি ভালোবাসা থাকলেই দেশের জন্য কাজ করা যায়। দেশের জন্য কাজ করতে মন্ত্রী-এমপি হওয়ার প্রয়োজন নেই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে দাবি করে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস অনেকের হবে না। বিএনপি সেই সাহস দেখিয়েছে। এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশের মানুষের সমস্যাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা হিসেবে দেখা হচ্ছে না। মানুষের সামগ্রিক সমস্যা হিসেবে দেখা হচ্ছে। আগামীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ একের পর এক কার্যকর করা হবে।
আমির খসরু বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।
আগামী দিনের উন্নয়ন বাধাগ্রস্ত করলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এলাকায় মাদকের কারবার কারা করে তা স্থানীয় মানুষ জানেন। তাই শুধু পুলিশের জন্য অপেক্ষা না করে মাদক কারবারীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। একইভাবে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
দেশের উন্নয়ন ও সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি চেষ্টা করবে জানিয়ে আমির খসরু বলেন, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে
