সন্ধ্যায় সারাদেশে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং
দেশে পিক আওয়ারে (সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে) বিদ্যুতের মোট চাহিদার বিপরীতে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। এই সময়ে সারাদেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ২১১ মেগাওয়াট, যার একটি বড় অংশ পূরণ করা সম্ভব হলেও ঘাটতির কারণে বিভিন্ন অঞ্চলে লোডশেডিং দিতে হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে এ তথ্য জানা গেছে।
জোনভিত্তিক তথ্যে দেখা গেছে, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ঘাটতি সবচেয়ে বেশি ছিল। সেখানে এক হাজার ৪২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ ২৫৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি চাহিদা থাকা ঢাকা জোনে ছয় হাজার ১৮৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৫৪ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।
এছাড়া কুমিল্লা জোনে এক হাজার ৪৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫০ মেগাওয়াট, খুলনা জোনে এক হাজার ৯২৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৯ মেগাওয়াট এবং রাজশাহী জোনে এক হাজার ৫৩৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২০ মেগাওয়াট লোডশেডিং হয়।
তবে একই সময়ে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর জোনে পরিস্থিতি স্বস্তিদায়ক ছিল। পিক আওয়ারে চট্টগ্রাম জোনে এক হাজার ৫১২ মেগাওয়াট, সিলেটে ৬৬৮ মেগাওয়াট, বরিশালে ৪৮১ মেগাওয়াট ও রংপুর জোনে এক হাজার ৩৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে কোনো লোডশেডিং দিতে হয়নি।
এনএস/একিউএফ
