সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ


দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা প্রদানের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ৬৯ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও সরকারি হাসপাতাল তদারকির দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার ৬৯ কর্মকর্তা।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন জেলা, উপজেলা ও হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করতে হবে। হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগও নিতে হবে তাদের।

এছাড়া আওতাধীন হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করে উপস্থিতি সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্য সেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্য সেবার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। পাশাপাশি স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।

অফিস আদেশে বলা হয়েছে, চলতি মাসে প্রত্যেক কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে। এছাড়া প্রতি মাসে কমপক্ষে ৩১টি পরিদর্শন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *