চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার( ১২ আগস্ট) বিকেলে পৌর এলাকার আনন্দধামে এ ঘটনা ঘটে।
নিহত নুপুর কর্মকার আনন্দধাম এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে প্রকাশিত ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই তার মধ্যে হতাশা দেখা দেয়। গত দুই দিন ধরে সে ঘর থেকে খুব একটা বের হয়নি।
পরিবারের সদস্যরা জানান, ফল প্রকাশের পর নুপুরকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নুপুরের বাবা খোকা কর্মকার মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন। পরিবারের স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
