সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি পুরোনো মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল আসির মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে হ্যান্ডকাফ পরিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়া হচ্ছিল। এ সময় তার হাতের হ্যান্ডকাফটি সিএনজির ভেতরের একটি অংশের সঙ্গে লাগানো ছিল।

দামোধরদপী পয়েন্টে পৌঁছানোর পর আসির মিয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে হইচই সৃষ্টি হয়। একপর্যায়ে সুযোগ বুঝে তিনি সিএনজি থেকে নেমে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, এ সময় তার কয়েকজন আত্মীয়স্বজনসহ স্থানীয়রা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ সময় আসির মিয়া নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজেকে নিরপরাধ দাবি করেন এবং ঘটনার বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন।

পরে তিনি সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। আসামি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি বিচার-শালিসে ছিলেন। পরে তিনি জানতে পারেন, আসির মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় দামোধরদপী পয়েন্টে হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে হ্যান্ডকাফসহপালিয়ে যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এরকম ঘটনা ঘটে থাকলে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *