সুন্দরবনের কাছে নৌকাডুবি, প্রাণে বাঁচলেন ৯ পর্যটক
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, নৌকাটি সুন্দরবনের তীরবর্তী এলাকায় ডুবে যায়। জায়গাটির এক পাশে লোকালয়, অন্য পাশে সুন্দরবন। কয়েকজন সাঁতরে সুন্দরবনের দিকে উঠে যান। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে নয়জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, তিনজন উল্টে যাওয়া নৌকা ধরে নদীতে ভাসছিলেন। অপর ছয়জন নদীর তীরে বনের দিকে গিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে ছিলেন। পরে নৌ পুলিশ সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আবদুল্যাহ (২২)।
