স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে একদিন পর স্ত্রীরও মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় মাত্র এক দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সৌদি আরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন স্ত্রী। পরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর একদিন পর তিনিও মারা যান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নিহত সফর উদ্দীনের বড় ভাই শরীফ উদ্দীন।
মৃতরা হলেন-দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে মো. সফর উদ্দীন (৪০) ও তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দীন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৮ আগস্ট ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এদিকে স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর দেশে থাকা স্ত্রী ববিতা খাতুনও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর ১ দিন পর ২০ আগস্ট দুপুরে তারও মৃত্যু হয়।
হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম
