১০ ম্যাচের জন্য নিষিদ্ধ আর্জেন্টিনার পারেদেস
বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের উপর চড়াও হওয়ার বড় শাস্তি পেয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। আর্জেন্টিনার আরেক খেলোয়াড় ডিফেন্ডার নাউয়েল মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
একই সঙ্গে শাস্তি হয়েছে ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারা আর্জেন্টিনারও। ঘরের মাঠে নিজেদের পরের দুই ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে পারবে তারা। এক ম্যাচের শাস্তি অবশ্য স্থগিত রাখা হয়েছে।
ফিফার নিয়ম ভাঙায় ৩ লাখ ২১ হাজার ইউরো জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ২-১ ব্যবধানে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ান, যেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’
এর মধ্যে ১ লাখ পাউন্ড বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বিনিয়োগ করার নির্দেশ দিয়েছে ফিফা। ১ লাখ পাউন্ড জরিমানা স্থগিত রাখা হয়েছে।
নিষোজ্ঞার পাশাপাশি পারেদেস ও মলিনার ৯০ হাজার পাউন্ড জরিমানাও দিতে হবে।
এক ম্যাচ করে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভি। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার কোচদের একজন রবের্তো আয়ালা। এই তিন জনেরই জরিমানা হয়েছে ৩০ হাজার ডলার করে।
এসব নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে কেবল আন্তর্জাতিক ম্যাচে।
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচ শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফাইনালে শেষ বাঁশি বাজার পরের ঘটনা খতিয়ে দেখার জন্য গত মাসে একজন ডিসিপ্লিনারি ও এথিকস কৌঁসুলি নিয়োগ করে ফিফা। এরপর এলো এই শাস্তির ঘোষণা।
বাংলাদেশ জার্নাল/সিএম
