৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ


ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবস থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হ্যাকারদের এ দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস।

রোববার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে ওই বিজ্ঞাপন প্রকাশ করে হ্যাকার গ্রুপটি। সেখানে দাবি করা হয়, তাদের কাছে থাকা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।

দাবির সমর্থনে হ্যাকার গোষ্ঠীটি ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। সিভিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগই বেশ পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যাই বেশি।

পুরো ডেটাসেট বিক্রির জন্য হ্যাকাররা ১ হাজার মার্কিন ডলার দাম চেয়েছে। একইসঙ্গে সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করা হবে বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেছে হ্যাকাররা।

এদিকে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে বিডিজবস। এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইল কারা দেখতে পারবেন, সে বিষয়টি ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারেন।

বিডিজবস আরও জানিয়েছে, নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করেছে এবং বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ডার্ক ওয়েবে প্রচারিত ৬০ লাখ সিভির দাবিটি সত্য কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইএইচটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *