৯৯৯ সেবায় বিলম্বের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল


জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুততম সময়ে পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগের ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক/ অফিসার ইনচার্জকে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি হাইকোর্টে এ সংক্রান্ত রিট করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আইনজীবী সায়কা কবির জিতি বলেন, রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতার বিষয়ে বলা হয়েছে। এছাড়া নিকটতম মোতায়েন করা পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতা এবং কার্যকর ‌‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এসব বিষয় কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *