ক্রসফায়ারে নিহত জাসাস নেতা কবির মোল্লার স্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।
জবানবন্দিতে আকলিমা বেগম বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সাভার ও আশুলিয়ায় খোঁজ করে স্বামীর সন্ধান পাননি। পরদিন ২১ ফেব্রুয়ারি টেলিভিশনের হেডলাইনে দেখেন, টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।
পরে সন্তান ও দেবরকে নিয়ে গ্রামের বাড়িতে যান উল্লেখ করে আকলিমা বেগম বলেন, গ্রামের বাড়ির উঠানে তাঁর স্বামীর লাশ দেখতে পান। আত্মীয়স্বজন স্বামীর লাশ দেখতে নিষেধ করলেও তিনি দেখেন। তাঁর স্বামীর লাশের বুকে দুটি গুলি দেখেছেন। তাড়াতাড়ি লাশ দাফন করে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল তাঁদের। আকলিমা বেগম আরও বলেন, তাঁদের আগৈলঝাড়া থানার লোক তাঁর স্বামীকে হত্যা করেননি। হত্যা করেছেন পাশের থানার দুই পুলিশ সদস্য।
