৪৪ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা লি
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও সাবেক মডেল লি ইয়ং-জু মারা গেছেন। গত ২৯ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। আকস্মিক এই মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে বিনোদন জগতে পা রাখেন লি ইয়ং-জু। ক্যারিয়ারের শুরুতে ফ্যাশন র্যাম্পে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান তিনি। পরে টেলিভিশন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন।
২০০৬ সালের জনপ্রিয় নাটক ‘প্রিন্সেস আওয়ার্স’ (Princess Hours)-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন লি। এরপর দীর্ঘদিনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘আনগ্লি মিস ইয়ং-এ’ (Ugly Miss Young Ae)-তেও অভিনয় করেন তিনি।
তবে ২০১৩ সালের সিটকম ‘ব্লু টাওয়ার’ (Blue Tower) তার ক্যারিয়ারে বড় সাফল্য এনে দেয়। সামরিক বাহিনীকে কেন্দ্র করে নির্মিত এই কমেডি সিরিজে নতুন নিয়োগ পাওয়া এক সরল ও কিছুটা অদক্ষ সেনাসদস্যের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এরপর প্রায় এক দশক চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করেছেন লি ইয়ং-জু। ২০২২ সালে সামরিকভিত্তিক কমেডি সিরিজ ‘নিউ রিক্রুট’ (New Recruit)-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় তার সর্বশেষ উপস্থিতি ঘটে।
অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বুন্দাং জেসাং হাসপাতালের ফিউনারেল হলের ৫ নম্বর কক্ষে তার মরদেহ রাখা হয়েছে। সেখানে পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
আগামী ৩১ আগস্ট সকালে তার শেষকৃত্য ও দাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে সিওংনাম মিউনিসিপ্যাল ক্রিমেটোরিয়ামে তার মরদেহ সমাহিত করা হবে।
কুশল/সাএ
