নড়াইলে নবগঙ্গায় ফেরির ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ
প্রকাশিত: ১২:১১, ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:১১, ১ সেপ্টেম্বর ২০২৬
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজ ব্যক্তির সন্ধানে রাতেই নদীর তীরে জড়ো হোন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ফেরির ধাক্কায় জেলে নৌকা ডুবে হেলাল শেখ (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে সাতটার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের কারণে চলতি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলেই নদীতে পড়ে যায়। পরে দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হয়।
রাতেই সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্বজন ও স্থানীয় লোকজনও নদীর তীরে বিভিন্ন স্থানে হেলালকে খুঁজতে থাকেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলনায় ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধার অভিযান শুরু করবে।

