ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ গ্রুপিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে তাঁর চাচাতো ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এ দাবি জানান এমপি বাবুল।
রোকন উদ্দিন বাবুল বলেন, যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম ব্যবহার করবে, তা মেনে নেওয়া হবে না। দলীয় কর্মসূচিতে দীর্ঘদিন অনুপস্থিত থেকে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তুলে বাবুল বলেন, অতীতে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। কখনো জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেওয়া এবং কখনো জামায়াতের সঙ্গে জোট করারও অভিযোগ তোলেন তিনি। এসব কর্মকাণ্ডের জন্য জাহাঙ্গীরকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান এমপি।
দলবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বাবুল বলেন, ব্যবস্থা না নিলে সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
এদিকে সকালে তুষভান্ডার বাজারে র্যালি করেন জাহাঙ্গীর আলম। পরে তিনি অভিযোগ করেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা অবহেলিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
জাহাঙ্গীর বলেন, দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এখন যারা দল নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরও রাজপথের আন্দোলনের মাধ্যমে সরিয়ে দেওয়া হবে।
সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
