বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাইকে বহিষ্কারের দাবি জানালেন এমপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের ভেতরে বিশৃঙ্খলা, গ্রুপিং এবং চাচাতো ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। বিভিন্ন সময়ে অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তুলে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের দাবি জানিয়েছেন এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এ দাবি জানান তিনি।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে, তাদেরকে আমরা বরদাস্ত করব না।”
এর আগে মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম তুষভান্ডার বাজার থেকে মিছিল বের করেন। সেখানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সমালোচনা করে রোকন উদ্দিন বাবুল এমপি বলেন, “যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।”
তিনি জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায়, সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।”
জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি। একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।”
বক্তব্যের শেষভাগে আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এমপি বাবুল। তিনি বলেন, “যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চায়, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেছেন, “কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেওয়া হবে না। বিএনপির প্রকৃত নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছে। কখনোই বরদাস্ত করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, আমরা রাজপথে ছিলাম। সেভাবেই এই ষড়যন্ত্রকারীকে সরিয়ে দেওয়া হবে।”
