গণভোটের রায় বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান হাসনাতের


গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে দলের সভাপতি হাসনাত কাইয়ূম এই আহ্বান জানান।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায়কে কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রদত্ত এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জনগণের জান-জবান-সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বর্ধিত সভায় দলের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, “গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব।”

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম-এর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন-এর সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নির্বাহী কমিটির সদস্যগণ নিজ নিজ অঞ্চল ও বিভাগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করেন।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *