ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বললেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে
ট্রাম্পের এ দূত বলেন, ‘এখানে ভালো একটি সমাধান হবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ তিনি আরও বলেন, শনিবার মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।
যুদ্ধের বিষয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত চললে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতে সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে।’
জেলেনস্কি আরও বলেন, তিনি এমন ন্যায়সংগত শান্তি চান, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়।
রোববার দুই পক্ষের কয়েক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসবেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে তাঁরা কাজ করবেন।
