ক্বিন ব্রিজে ‘আই লাভ সিলেট’ সাইনেজ, পর্যটকদের আগ্রহ
প্রকাশিত: ১১:৫৪, ৬ আগস্ট ২০২৬
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঐতিহাসিক ক্বিন ব্রিজ ও সুরমা নদীর তীরকে আরো নান্দনিক এবং পর্যটকবান্ধব করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এরই অংশ হিসেবে নদীতীরে স্থাপন করা হচ্ছে দৃষ্টিনন্দন ‘I Love Sylhet’ সাইনেজ, যা উদ্বোধনের আগেই স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ইতোমধ্যে সাইনেজটির নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকলেও প্রতিদিন বিকেলে সুরমা নদীর তীরে বেড়াতে আসা দর্শনার্থীরা নতুন এই স্থাপনাটির সামনে ছবি ও সেলফি তুলতে ভিড় করছেন। অনেকেই এটিকে সিলেট নগরের নতুন ‘ফটোস্পট’ হিসেবে দেখছেন।
সরেজমিনে ক্বিন ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, নদীতীরের সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক নকশায় সাইনেজটি তৈরি করা হয়েছে। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা অক্ষরে ‘I SYLHET’ লেখা হয়েছে। ‘লাভ’ শব্দের পরিবর্তে মাঝখানে ব্যবহার করা হয়েছে নীল রঙের হৃদয় (হার্ট) প্রতীক। সাইনেজটির এক পাশে সংযুক্ত করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের লোগো।
সিলেট নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “ক্বিন ব্রিজ সিলেটের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। এখানে ‘আই লাভ সিলেট’ সাইনেজ স্থাপন করায় জায়গাটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে তরুণরা এখানে এসে ছবি তুলতে আগ্রহী হচ্ছেন। এটি পর্যটকদের কাছেও জনপ্রিয় হবে বলে আমি মনে করি।”
মৌলভীবাজার থেকে ঘুরতে আসা পর্যটক তানিয়া রহমান বলেন, “সিলেটে এলেই আমরা ক্বিন ব্রিজ এলাকায় ঘুরতে আসি। এবার নতুন এই সাইনেজ দেখে খুব ভালো লাগছে। এটি শুধু ছবি তোলার জায়গাই নয়, সিলেটকে ব্র্যান্ডিং করারও একটি সুন্দর উদ্যোগ। এমন আরো নান্দনিক স্থাপনা শহরের বিভিন্ন পর্যটন এলাকায় করা হলে পর্যটকদের আকর্ষণ বাড়বে।”
ঢাকা/রাহাত/মাসুদ

