জ্বালানি সংকটের জন্য ১৭ বছরের অব্যবস্থাপনা দায়ী: বাণিজ্যমন্ত্রী


দেশে চলমান জ্বালানি সংকটের মূল কারণ হিসেবে বিগত ১৭ বছরের চরম অব্যবস্থাপনা ও আমদানিকৃত গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং দেশে নতুন বিনিয়োগ আনার জন্য সরকার কাজ করছে। এ প্রক্রিয়ায় দেশবাসীকে ধৈর্য ধরে সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।’’

তিনি বলেন, “অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়।” আগামী দিনের বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগানো হবে বলেও মন্তব্য করেন তিনি।’’

জ্বালানি সংকট প্রসঙ্গে মুক্তাদির বলেন, ‘‘উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে কিছুটা সময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’’

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ১৪টি শহীদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *