জুলাই কনসার্টে বোতল নিক্ষেপ: ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ, হাসানের প্রতিক্রিয়া কী?


ঝলমলে মঞ্চে গাইছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। কণ্ঠে তুলেছেন—‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গানটি। হঠাৎ একটি পানির বোতল ছুড়ে মারা হয় তার দিকে; তা গিয়ে লাগে হাসানের মাথা ও মুখে। থমকে যান হাসান, কয়েক মুহূর্ত পরই আবার গাইতে শুরু করেন এই গায়ক।  

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক জুলাই কনসার্ট। এতে ঘটনাটি ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। ন্যাক্কারজনক এ ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর নেটিজেনরা।

নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের মানুষজনও বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এই শিল্পী বলেন, “গতকাল (৫ আগস্ট) মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্য অনুষ্ঠানে ছিল?”

উদ্বেগ প্রকাশ করে প্রিন্স মাহমুদ বলেন, “যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল। ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।” 

শুধু দোষীদের শনাক্ত করার আহ্বানই নয়, অনুষ্ঠান আয়োজকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই গীতিকার। তিনি বলেন, “মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন?” 

ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। অনেকেই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান। তিনি বলেন, “অপ্রত্যাশিতভাবে কেউ একজন একটি বোতল ছুড়ে মেরেছিল। বোতলটি এসে আমার মুখে লাগে। আমি বিষয়টি বুঝতে পারিনি। আয়োজকরাও সমস্যায় ছিল, তাদেরও অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। ওরা সবসময় আমাকে ঘিরেই ছিল, কোনো অসুবিধা হয় নাই।”  

কাজটি কে করেছে তা জানেন না হাসান। তার ভাষায়—“একটি ভালো অনুষ্ঠান করতে গেলে একটু বাধা আসবেই। যারা কাজটি করেছে, তারা কারা আমি তা জানি না। যাইহোক, বিষয়টি নিয়ে আমি কিছুই মনে করি নাই। কেউ একজন হয়তো ভুল করে ফেলেছে। ভবিষ্যতে কারো সঙ্গে যেন এরকমটা আর না হয়, এটাই কামনা।” 

এ কনসার্টে আরো পারফর্ম করেন—পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন ও আর্টসেল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *