‘সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার


এবারের ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন শিক্ষক-চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তার। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে প্রদত্ত এই পদক। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ পদক তুলে দেবেন বলে জানিয়েছেন এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী।

এবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি ও নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে এস এম সুলতান জন্মগ্রহণ করে। তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে পাট কাটা, ধান কাটা, ধান ঝাড়া, ধান মাড়াই, ধান ভানা, চর দখল, জমি কর্ষণে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, গুন টানা, ফসল কাটার ক্ষণে, শরতের গ্রামীণ জীবন, শাপলা তোলা- নামের কালজয়ী ছবি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে কালোত্তীর্ণ শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, চিত্রশিল্পী সুলতানের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণী শিল্পীদের প্রতিবছর ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। এবার এই পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তার।

ড. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে অধ্যাপক। একুশে পদক-২০২৬ পাওয়া এই শিল্পীর প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরাল এবং আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টিতে বিশেষ খ্যাতি রয়েছে। তার ২০টির অধিক প্রকাশনা রয়েছে যেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে তালিকাভুক্ত।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *